বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যতই নিপীড়ন চালানো হোক, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হোক—এ সরকারের শেষরক্ষা হবে না। এর হিসাব এক দিন জনগণকে দিতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। আর আওয়ামী লীগ করে লুটপাট-নির্যাতন।
গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান সরকারের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউকে মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, এই করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে।