প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন।
জাতীয় সংসদ ভবন সূত্র জানায়, বর্তমানে সংসদ সচিবালয়ে ১৩২১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। কিন্তু বর্তমান ভবনকাঠামোতে তারা স্থান সংকুলানের সমস্যায় রয়েছেন। প্রেস সচিব বলেন, এমতাবস্থায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ স্কয়ার ফিট জায়গা কাজে লাগানোর জন্য এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করা হয়। পাশাপাশি সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় থাকা অন্যান্য অনির্মিত স্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ইহসানুল করিম বলেন, সংসদের মূল ভবন, এমপি হোস্টেল এবং পাঁচটি ন্যাম ভবন সংস্কারের বিষয়েও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের উন্নয়নকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, স্থাপত্যকলা বিভাগের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।