অনুমোদনহীন ও মানহীন করোনাসামগ্রী বিক্রির দায়ে রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারে অভিযান চালিয়ে ১৪ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন পালস অক্সিমিটার ও নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব-৩-এর নেতৃত্বে এ অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে বিএমএ ভবনের পাশের গফুর টাওয়ারের দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন অবৈধ ও মানহীন করোনাসামগ্রী পাওয়া যায়। দোষ স্বীকার করলে ১৪টি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। করোনাকালে ব্যবসার আড়ালে অসাধু উপায় অবলম্বন করে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে এই কর্মকর্তা জানিয়েছেন।