ব্রুনাইয়ে চাকরি দেওয়ার নাম করে ৪০০ লোকের কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এদের মধ্যে শেখ আমিনুর রহমান হিমু নামে এক জনকে ব্রুনাইয়ে মানব পাচারের অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে র্যাব। আমিনুর নিজেকে সংসদ সদস্য পরিচয় দিয়ে মানব পাচার করত। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কাফরুল থেকে আমিনুর রহমান হিমু ও তার দুই সহযোগী নুর আলম (৩৬) ও বাবলুর রহমানকে (৩০) র্যাব গ্রেফতার করে। এ সময় আমিনুরের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া যায়। গতকাল বিকালে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ প্রধান কার্যালয়ে ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিবুল হাসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।