জাহালমের ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে রুলের রায় ২৯ সেপ্টেম্বর

নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে জারিকৃত রুলের ওপর ২৯ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে মামলাটি রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চ এই মামলাটিসহ মোট পাঁচটি মামলার রায় ঘোষণা করবেন পহেলা অক্টোবর পর্যন্ত। এই পাঁচটি মামলার মধ্যে জাহালমের মামলা ছাড়াও গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে জারিকৃত রুলের ওপর রায় ঘোষণার মামলাটি রয়েছে। এই মামলাটি কার্যতালিকার ৫ নম্বর ক্রমিকে রয়েছে।

গত বছরের ২ ফেব্রুয়ারি জাহালমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদন আমলে নিয়ে পরদিন হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়। একই সঙ্গে জাহালমের ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে রুল জারি করে আদালত। ঐ রুলের ওপর দীর্ঘ শুনানি নিয়ে গত ১২ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। কিন্তু করোনা ভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস কোর্ট বন্ধ থাকায় মামলাটির রায় ঘোষণা করা সম্ভব হয়নি।