টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজি মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ পাঁচজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সখীপুরে ওই মামলার সাত আসামির ছয়জন আত্মসমর্পণ করেন। দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হচ্ছেন, সখীপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর সিকদারের ছেলে বাচ্চু সিকদার, একই ওয়ার্ডের মৃত হুরমুজ আলীর ছেলে শামসুল হক, তার ভাই রউফ সিকদার, আবুল হোসেনের ছেলে আবুল কাশেম এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে জেলহক সিকদার।
বাদি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন জানান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মৃত পাঞ্জু সিকদারের ছেলে সামাদ সিকদার ২০১৯ সালে তার ক্রয়কৃত জমিতে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদ রোডের পাঁচতারা মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করেন। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার ও তাদের লোকজন জোরপূর্বক দখল ও চাঁদাদাবি করেন। পরে ক্রয়কৃত জমির মালিক সামাদ সিকদার বদি হয়ে বাচ্চু সিকদারসহ সাতজনকে আসামি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালত এ মামলা করেন।
ইত্তেফাক/এসি