তোমাদের জন্য বই

আনন্দে শেখো বিজ্ঞান

যেকোনো বিষয়ে শেখা আনন্দের হওয়া জরুরি। আর এই আনন্দ কয়েক গুণ বেশি হওয়া উচিত যখন বিষয়টি হয় বিজ্ঞান। কারণ, বিজ্ঞান মানেই চার মলাটে বাঁধা একটি বই শুধু নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে চলতে, ফিরতে বিজ্ঞানের জ্ঞানের অসংখ্য বাস্তব উদাহরণ আমরা দেখি; আর সেটিই বিজ্ঞান শিক্ষাকে আরো প্রাঞ্জল ও আকর্ষণীয় করে তোলে। আবার উল্টো দিক থেকে দেখলে, বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনযাপনকে করে তোলে সহজ ও আরামপ্রদ।

বিজ্ঞানের মতো একটি খটোমটো বিষয়কে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলার একটা চমত্কার উপায় হচ্ছে ভিজ্যুয়ালের ব্যবহার। ঠিক এই চেষ্টারই অংশ বইটি। তোমরা যারা যষ্ঠ শ্রেণিতে পড়ো, তোমাদের বিজ্ঞান পাঠ্যবই থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বাছাই করা হয়েছে এই বইয়ে। বিজ্ঞানের কয়েকটি মৌলিক ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তোমাদের মধ্যে যেন যৌক্তিক চিন্তাধারা গড়ে ওঠে এবং পারিপার্শ্বিক পরিবেশ, কমিউনিটির ব্যাপারে তোমাদের দৃষ্টিভঙ্গিতে যেন ইতিবাচক পরিবর্তন আসে, সেদিকে লক্ষ রেখেই অধ্যায়গুলো বাছাই করা হয়েছে। অসংখ্য বাস্তব উদাহরণ ব্যবহার করে কার্টুন ইলাস্ট্রেশনের মাধ্যমে ধারণাগুলো আকর্ষণীয় করে উপস্থাপনের প্রচেষ্টা রয়েছে এই বইয়ে। প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের কৌতূহলী করে তোলার ব্যাপারে জোর দেওয়া হয়েছে, যাতে তোমরা নিজেরাই তোমাদের চারপাশের ঘটনাবলি সম্পর্কে প্রশ্ন করতে শেখো। এছাড়া অনুশীলনের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু প্রজেক্ট ওয়ার্ক এবং মজার সব পরীক্ষা, যা তোমরা একক বা দলীয় কাজের মাধ্যমে হাতেকলমে করে দেখতে পারবে।

এই বইয়ে তোমরা পরিচিত হবে নতুন দুজন বন্ধুর সঙ্গে; তাদের নাম লিপি ও পিয়াল। এই চরিত্র দুটির মধ্যে তোমরা নতুন করে নিজেদের খুঁজে পাবে। আর সেই সঙ্গে তোমরা নিজেদের পরিবেশ বিষয়ে সচেতন হয়ে তার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

 

ড. মুহাম্মদ জাফর ইকবালের ভূমিকাসমৃদ্ধ মজার এই বইটি বিনামূল্যে বিতরণের জন্য।

বিজ্ঞানের মজার পাঠশালা। সম্পাদক : ড. জেবা ইসলাম সেরাজ। প্রচ্ছদ ও অলঙ্করণ : জুনায়েদ আজিম চৌধুরী, প্রকাশক :সেরাজ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট