দুঃখ এক নৈঃশব্দ্যের নদী
হাজার বছরব্যাপী দুঃখের ক্রুশ
প্রবাহিত গলগাথার দিকে
পবিত্র গ্রন্থের ভুল নির্ঘণ্ট কত নিরপরাধীকে
ভাসিয়েছে অগ্নিশিখায়
দুঃখ পেতে পেতে চোখ পরাজিত করেছে পাথর
অভিযোগ দিতে-দিতে কণ্ঠ অতিক্রম করেছ ধৈর্য
যদিও সাফল্য ও ব্যর্থতার সব দায়িত্ব নিজের
এবং বাঁচার যুদ্ধে একসময় জীবন ও মৃত্যু অর্থহীন
মূলতঃ মানুষ স্মৃতির শেকলবন্দি কৃতদাস
বারবার ষড়যন্ত্রের রাজধানী থেকে উত্থিত
বিনাশকে ক্ষমা করেছে
আর জয় করেছে হূদয়ের রাজধানী
স্বীকৃতি দিয়েছে দৃশ্য-অদৃশ্যমানকে
আলোর খোঁজে পাড়ি দিয়েছে প্রার্থনার পাতাল
আর ক্রমাগত জিতে নিয়েছে নিজেকে — জগেকও
অনুভব উজ্জীবিত হলে প্রেমের পুনর্জন্ম হয়
আদম ও ইভ জানে মিলনের জন্যে
বিরহ অনিবার্য কেন
আর সৃষ্টির জন্যে সংঘাত
দুঃখের সর্বোচ্চ শেখরে উঠলে
মহাযুদ্ধের বিশাল প্রান্তরে দাঁড়ালে
আনন্দের ব্রাহ্মমুহূর্তে পৌঁছলে
আমরা যুক্ত হই ভালোবাসার ইতিহাসে
ইতিহাসের মহত্তম বাণী :
‘আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি না’
আর ভালোবাসলে ক্ষমা করা কঠিন