আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন—এমন ব্যবসায়ের ৪০ শতাংশ করোনার কারণে স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল এক কর্মশালায় এ তথ্য জানিয়ে ডিসিসিআই সভাপতি শাম্স মাহমুদ বলেন, এটি অত্যন্ত উদ্বেগের। ‘কোভিড-১৯ পরিস্থিতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্পের সাপ্লাইচেইন শক্তিশালীকরণ’ শীর্ষক ঐ অনলাইনে অনুষ্ঠিত কর্মশালা যৌথভাবে আয়োজন করে ডিসিসিআই এবং এফএনএফ বাংলাদেশ।
ডিসিসিআই সভাপতি বলেন, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাত জিডিপিতে ৩২ শতাংশ অবদান রাখছে। এ খাতে প্রায় পৌনে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, যা মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ; কিন্তু করোনার এ সময়ে এসএমই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এফএনএফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. নাজমুল হোসেন প্রমুখ।