তিন দিনের ব্যবধানে এবার কমল স্বর্ণের দাম

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা করে কমেছে। অর্থাত্ তিন দিন আগে যে দাম ছিল সেই দামে ফিরেছে স্বর্ণের বাজার। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার আট টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। গতকাল বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে অলংকার তৈরির এ ধাতু। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বেড়েছিল। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। গত বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৭৬ হাজার ৪৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। গতকাল পর্যন্ত বিক্রি হয় ৭৩ হাজার ৩০৮ টাকা করে। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ১১০ টাকায়। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৬৪ হাজার ৫৬০ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। গত বুধবার পর্যন্ত দাম ছিল ৫৪ হাজার ২৩৮ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ককৃত ২২ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয় মূল্য ১ হাজার ৫১৬ টাকা।