এই সময়ের ছড়া

হাট্টিমা টিম টিম

হাট্টিমা টিম টিম

তারা পাড়ত মাঠে ডিম

তাদের ছিল খাড়া শিং

তারা হাটটিমা টিম টিম

তারা পাড়ত মাঠে ডিম।

 

কোথায় এখন মাঠ?

সেথায় নিত্য বসে হাট

কোথাও উঠছে বাড়িঘর

কোথাও উঠছে দোকানপাট—

কোথাও নাই আর এখন মাঠ।

 

মাঠ ছাড়া হাট্টিম

এখন পাড়বে কোথায় ডিম?

এখন যায় না দেখা তাই

ছড়ার হাট্টিমা টিম টিম,

এখন নাই আর ওদের ডিম!

 

তাই খেলারও মাঠ

শিশু শেষ করে তার পাঠ

খুঁজে পায় না বলে ওর

চুকে গেছে খেলার পাট—

কোথাও নাই খেলার আর মাঠ।

 

খেলবে ঘোড়ার ডিম!

খেলার মাঠ খুঁজে হিমশিম,

শিশু পড়ে না আর তাই

ছড়া—‘হাট্টিমা টিম টিম

তারা মাঠে পাড়ে ডিম।’