বাঁচাইয়া-মেঘদাইর-তুলপাই সড়ক

চারটি ব্রিজই ঝুঁকিপূর্ণ ঘটতে পারে দুর্ঘটনা!

কচুয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বাঁচাইয়া-তুলপাই ভায়া মেঘদাইর সড়কের বিভিন্ন স্থানে থাকা চারটি ব্রিজ ঝুঁকিপূর্ণ। রেলিং ভেঙে যাওয়াসহ কোনো কোনো ব্রিজের টপস্লাবে গর্তের সৃষ্টি হয়েছে। এসব ব্রিজ দিয়ে স্থানীয় তুলপাই, প্রসন্নকাপ, সহদেবপুর, মেঘদাইর, নাংলা, বাঁচাইয়া, ভূঁইয়ারা, এনায়েতপুর, দোজানা, বক্সগঞ্জ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত কচুয়া সদরসহ ঢাকা যাতায়াত করে থাকে। এতে যে কোনো সময় ব্রিজ ধসে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিতে থাকা ব্রিজগুলো হলো—সহদেবপুর মোড়ের পশ্চিম অংশের ব্রিজ, একই গ্রামের পাটোয়রী বাড়ির উত্তর পাশের ব্রিজ, নাংলা গ্রামের পূর্বাংশের ব্রিজ ও মেঘদাইর বাজারের পশ্চিম পাশের ব্রিজ। সহদেবপুর গ্রামের ইউপি সদস্য হান্নান মিয়া জানান, স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় সহদেবপুর মোড় সংলগ্ন ব্রিজের গর্তটি মেরামত করে কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া টপস্লাবের অপর অংশেও নতুন করে গর্তের সৃষ্টি হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ ব্রিজ ও সড়কের জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে বলেন, ব্রিজ মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলজিইডির উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, জরাজীর্ণ সড়ক ও ব্রিজ মেরামতে একটি প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে প্রাক্কলন তৈরি করা হবে।