বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য টেলিভিশন উপহার

বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য দুটি টেলিভিশন এবং মায়ের সঙ্গে কারাবন্দি শিশুদের নতুন পোশাক দিয়েছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি। বুধবার বিকালে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে এই সহায়তা দেন সমিতির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ কারাগারে বন্দিদের প্রশিক্ষণ, সেবাসহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং কারাবাস শেষ হলে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিদর্শনকালে বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সমাজসেবা বিভাগের উপপরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।