চতুর্থ ধাপের করোনা পরীক্ষা আজ হচ্ছে না

শ্রীলঙ্কা সফর উপলক্ষ্যে জাতীয় দলের পুলের ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিসিবির পাঠানো সূচি অনুযায়ী আজ ক্রিকেটারদের অনুশীলনে বিরতি থাকছে এবং চতুর্থ ধাপের করোনা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও আজ পরীক্ষার নমুনা দিতে হচ্ছে না ক্রিকেটারদের। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রা ধরেই চতুর্থবার করোনা পরীক্ষার দিন ঠিক করা হয়েছিল। যেহেতু ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে না মুমিনুল বাহিনী, তাই আজ পরীক্ষা করা হবে না। গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কাল (আজ) করোনা পরীক্ষা হচ্ছে না। এটা তো ২৭ সেপ্টেম্বর যাওয়া হবে ধরে ঠিক করা হয়েছিল। এখন আমাদের প্রধান নির্বাহী বলেছেন ২৭ সেপ্টেম্বর যাওয়া হচ্ছে না। এই পরীক্ষা হবে বিমানে চড়ার ৭২ ঘণ্টা আগে। এখন তাই বলা যাচ্ছে না কখন আবার পরীক্ষা করা হবে।’

সর্বশেষ পরীক্ষায় করোনা ধরা পড়েছিল পেসার আবু জায়েদ রাহীর। বিসিবি একাডেমিতে আইসোলেশনে রয়েছেন তিনি।