ব্যাটসম্যান হিসেবে তার ব্র্যান্ডই ছিল পাঁচ-ছয়ে নেমে ম্যাচ শেষ করে আসা। কিন্তু আইপিএলে সর্বশেষ ম্যাচে নেমেছিলেন সাত নম্বরে। আর ব্যাটিংয়ে ছিল না ম্যাচ শেষ করে আসার সেই তাড়া। ফলে তার দারুণ সমালোচনা করেছেন এক সময়ের সতীর্থ ও এখনকার বিশ্লেষক গৌতম গম্ভীর। ১৪তম ওভারে সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা ধোনি ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। শুরুতে ধুঁকলেও শেষ দিকে ঝড়ের আভাস দেন ডানহাতি এই ব্যাটসম্যান। অবশ্য তার হাত খোলার আগেই ম্যাচ প্রায় ছিটকে গিয়েছিল। শেষ ওভারে তাদের দরকার ছিল ৩৮ রান। তাই টানা তিন ছক্কা হাঁকালেও কোনো লাভ হয়নি। ব্যাটিং অর্ডারে এত নিচে নামায় ম্যাচ শেষে ইএসপিএনক্রিকইনফোর একটি আয়োজনে ধোনির কড়া সমালোচনা করেন গম্ভীর।