এবার ডি মারিয়াও নিষিদ্ধ

মার্শেইয়ের বিপক্ষে পিএসজির বিবাদপূর্ণ সেই ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্যে এবার নিষিদ্ধ হয়েছেন দলটির ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। গত বুধবার এক বিবৃতিতে লিগ ওয়ান কর্তৃপক্ষ জানায়, আগামী মঙ্গলবার থেকে চার ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

গত ১৩ সেপ্টেম্বর নিজেদের মাঠে পিএসজি মার্শেইয়ের কাছে হারে ১-০ গোলে। তবে সেই ম্যাচের শেষ দিকের বিবাদ হাতাহাতিতে রূপ নিলে লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেইভিন কুরজাওয়া, লিয়ান্দ্রো পারেদেস, আর মার্শেইয়ের জর্দান আমাভি ও দারিও বেনেদেতো। বিভিন্ন মেয়াদে শাস্তি পান প্রত্যেকেই। তবে ম্যাচের পর অভিযোগ আসে ডি মারিয়ার দিকেও। মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস অভিযোগ তোলেন, দলের খেলোয়াড়দের সঙ্গে বিবাদের সময়ে থুতু মেরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।