পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দুটি নির্বাচন অফিস ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর সাহাপুরের আজিজল তলা নির্বাচনি অফিস এবং রাত ১১.৫০ মিনিটের দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন নির্বাচন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাচন অফিস দুটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আকস্মিকভাবে নির্বাচনি অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়ে ও অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাত্ক্ষণিক এসে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানান। সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন।