রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন রিপন মিয়া (২৬), পাভেল অনিক (২৭) ও নাজমুল হক অমিত (২৮)। র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১০-এর একটি দল খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, মোটরসাইকেল, চারটি মোবাইল ফোনসহ ঐ তিন জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র বিক্রি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে সহায়তা করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।