আইনজীবী নন, কিন্তু ঐ পরিচয় দিয়ে প্রতারণা করতেন বিচারপ্রার্থীদের সঙ্গে। এরকম একজন বিচারপ্রার্থীর সঙ্গে প্রতারণা করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে ধরা পড়েছেন আতোয়ার হোসেন নামে এক ব্যক্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঐ ব্যক্তিকে ‘টাউট’ হিসেবে উল্লেখ করে তাকে পুলিশে সোপর্দ করেছে।
ইতিমধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে টাউট উচ্ছেদের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। এ লক্ষ্যে একটি সাবকমিটি গঠন করেছে তারা। ঐ কমিটি বলছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ছাড়া অন্য কেউ বিচারপ্রার্থী মক্কেলের কাছ থেকে মামলামোকদ্দমা গ্রহণ বা পরামর্শ প্রদান ও আর্থিক লেনদেন করতে পারবেন না।
আতোয়ার জানান, ২০১১ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন তিনি। ২০১৩ সালে সেটি বন্ধ হয়ে যায়। এরপর আর আইন বিষয়ে পড়া হয়নি। কিন্তু ২০১৮ সাল থেকে টাঙ্গাইল কোর্টে মক্কেলদের থেকে মামলা নিয়ে উকিল ধরে আদেশ পাইয়ে দিতেন। এভাবে এতদিন প্রতারণা করে আসছিলেন।