পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

মঠবাড়িয়ায় শুক্রবার পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাওসার আকন (২৫)। সে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন আকনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ছগির আকন জানান, একাধিকবার এই ত্রুটিপূর্ণ লাইনের জন্য কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয় না। গত মাসেও একইভাবে ছেঁড়া তারে জড়িয়ে নিহত কাওসারের চাচা ছিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। মঠবাড়িয়া পল্লী বিদ্যুতে কর্মরত (এজিএম) মো. খায়রুল আলম বলেন, তারটি ছিঁড়ে পড়ে ছিল। খবর পেয়ে লাইনম্যানকে পাঠানো হয়। তবে তারা পৌঁছানোর আগেই এ দুর্ঘটনা ঘটে।