সুয়ারেজের বিদায়ে ব্যথিত মেসি

লিওনেল মেসি-বার্সেলোনা বিবাদ চরমে উঠেছিল বলেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। সে বিবাদ আরো একবার স্পষ্ট হলো লুই সুয়ারেজের বিদায়ে। তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোর সময়ে আরো একবার বোর্ডকে একহাত নিয়েছেন মেসি।  মাঠে ও মাঠের বাইরে মেসির খুবই কাছের বন্ধুদের একজন সুয়ারেজ। তার বিদায়ে স্বাভাবিকভাবেই ব্যথিত মেসি। তবে তাকে ব্যথা দিচ্ছে উরুগুইয়ান ফরোয়ার্ডকে বার্সার বিদায় জানানোর পথটা।

কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেওয়ার পরেই সুয়ারেজকে বলে দিয়েছিলেন তার পরিকল্পনায় স্থান নেই বার্সা ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার। দিন কয়েক পর এতে সায় দেয় বার্সেলোনা বোর্ডও। এরপর কয়েক প্রস্ত নাটক শেষে অ্যাটলেটিকোয় ঠিকানা হয় সুয়ারেজের।

সম্প্রতি ইন্সটাগ্র্যামে এরই বিরোধিতা করেছেন মেসি। লিখেছেন, ‘দলীয় ও ব্যক্তিগত অর্জনগুলোর কারণে ক্লাবের ইতিহাসেরই অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তুমি, তোমার বিদায়টাও তেমনই হওয়ার যোগ্য ছিল। তোমাকে এভাবে ক্লাব থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি তাদের। কিন্তু সত্যটা হচ্ছে, এটা এখন আর আমাকে তেমন অবাক করে না।’

প্রিয় বন্ধুর শূন্যতা ইতিমধ্যেই ভোগাতে শুরু করেছে মেসিকে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ভাষ্য, ‘মাঠে ও মাঠের বাইরে প্রতিদিন কাটানোর ব্যাপারটা আর হবে না, খুব কঠিনই হতে যাচ্ছে এটা। এমন অনেক ব্যাপার আছে, যা তুমি কখনোই ভুলবে না!’

সুয়ারেজকে প্রতিপক্ষ শিবিরে দেখতেও যে অস্বস্তি লাগবে তা কোনো রকম রাখঢাক ছাড়াই বললেন মেসি। তার কথায়, ‘অন্য জার্সিতে তোমাকে দেখাটা অদ্ভুত হবে, বিপক্ষে খেলতে তো আরো বেশি! নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা। আমি তোমাকে অনেক ভালোবাসি। শিগিগরই দেখা হবে, বন্ধু।’