বিশ্বের বেশির ভাগ দেশের চেয়ে ভালোভাবে করোনা ভাইরাস মহামারি সামাল দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তারপরও তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিবেচনা করছে। এতদিন তারা বন্ধ রেখেছিল সব ধরনের ক্রিকেট। অবশেষে তাসমানিয়ান গ্রীষ্মে ক্রিকেট আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) অনুমতি দিয়েছে সরকার। আর এই গ্রীষ্মে বাংলাদেশের বিপক্ষেও হোম সিরিজ খেলতে চায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের গ্রীষ্ম অবশ্য শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া সফর দিয়ে। কিন্তু সে সফর হচ্ছে না। দুই দেশেই লম্বা সময় ধরে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা মেনে এই সীমিত ওভারের সফরটা চালু রাখতে রাজি হয়নি কোনো পক্ষ। তবে অন্য কয়েকটা সিরিজ চলবে।
নিউজিল্যান্ডে এই গ্রীষ্মে সফরে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। সেই সঙ্গে এনজেডসি বাংলাদেশকেও আগের সূচি মতোই আশা করছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যার যার সফরে দুটি করে টেস্ট ও তিনটি করে টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ অবশ্য সীমিত ওভারের খেলার জন্য যাবে। আগামী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের এই সফরটা হওয়ার কথা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, নতুন কোনো জটিলতা না হলে এই সফরটা হবে, ‘বর্তমান যে পরিস্থিতি, তাতে সফরের জন্য আমরা তৈরি আছি। তবে এখনো অনেক দেরি আছে তো। তাই কিছুই চূড়ান্ত নয়।’
এর আগে অবশ্য ২০২০ সালেই নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে গেছে সেই সিরিজটি। সেটা আবার কবে আয়োজন করা যাবে, তা কোনো পক্ষ নিশ্চিত না।