ফুটবল খেলোয়াড়রা নতুন মৌসুমের আগাম পারিশ্রমিকের বিষয় নিয়ে গত বৃহস্পতিবার পুনরায় বাফুফের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু এদিন আলোচনা হয়নি। খেলোয়াড়রা পিছিয়ে গেছে। তারা এখন আলোচনা করবে না বলে বাফুফেকে জানিয়ে দেন। বাফুফের একটি সূত্র জানিয়েছে, খেলোয়াড়রা নিজেরাই না আসার কথা জানিয়েছে।
বিশ-ত্রিশ ফুটবলারসহ মামুনুল ইসলাম, তপু বর্মণ, গোলকিপার আশরাফুল ইসলাম রানাদের ঐদিন বাফুফে ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরেই বৈঠক স্থগিত করা হয়। সন্ধ্যায় গোলকিপার রানা জানান, তারা নিজেরাই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে গত ১৭ সেপ্টেম্বর বাফুফের লিগ কমিটি জানিয়েছিল খেলোয়াড়দের চুক্তির পুরো পারিশ্রমিকের ৪৫ ভাগ এবং নতুন মৌসুমের ২৫ ভাগ অর্থ দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না খেলোয়াড়রা। এটি বাস্তবায়ন হলে খেলোয়াড়রা ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। খেলোয়াড়রা এরই মধ্যে জানিয়েছেন, লিগ কমিটির এমন সিদ্ধান্তে খুশি নন তারা। তাই ২৫ ভাগ পারিশ্রমিক কীভাবে আরো বাড়ানো যায় তা নিয়েই আলোচনা করতে চান খেলোয়াড়রা। গোলকিপার রানা এ প্রসঙ্গে বলেন, ‘বাফুফেতে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা নিজেরাই ক্যানসেল করেছি।’ কিন্তু কেন? তিনি বললেন, ‘সামনে নির্বাচন। শেষ হলে যাওয়া ভালো। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। অযথা গিয়ে ভেজাল করা। ঐ দৃষ্টিকোণ থেকে না যাওয়া। এখনকার চেয়ে নির্বাচনের পর ভালো সিচুয়েশন তৈরি হবে হয়তো।’
এদিকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরাও এখন সময় দিতে পারব না।’