অস্ট্রেলিয়া সফরের জন্য আফগানিস্তান ক্রিকেট দলের অপেক্ষা দীর্ঘায়িত হলো। একমাত্র টেস্টের সফরটি আপাতত স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজটিও আপাতত হচ্ছে না। সিএ, এক বিবৃতিতে জানিয়েছে দুটি সিরিজই ২০২১-২২ মৌসুম পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ২১ নভেম্বর পার্থে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার দিবারাত্রির টেস্ট। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে আগস্টে পিছিয়ে ডিসেম্বর ৭ তারিখ থেকে শুরুর পরিকল্পনা করা হয়। অন্যদিকে, আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল ব্ল্যাক ক্যাপদের। কানোটাই আপাতত আর হচ্ছে না। তবে, সিএর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি জানান, ২০২৩ সাল পর্যন্ত চলমান আইসিসির এফটিপির মধ্যেই দুটি সিরিজ আয়োজন করতে আশাবাদী তারা।