ব্যবসায়ীর টাকা ছিনতাই ও হত্যার চেষ্টা

মনপুরায় ঢাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

ভোলার মনপুরায় মো. নুরনবী অরুণ নামে এক মুদি ব্যবসায়ী গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হরিবাড়িসংলগ্ন পাকা সড়কে দড়ি টানিয়ে তার গতিরোধ করে ঢাকা থেকে আগত কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং তাদের বন্ধু স্থানীয় এক কিশোর। তারা ব্যবসায়ী অরুণকে ছুরি দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাই ও তাকে হত্যার চেষ্টা করলে তার চিত্কারে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসে। তখন ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় একজন পুকুরে পড়ে গেলে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অপর এক সদস্যকে আটক করে। দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলো—বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাদল মৃধার ছেলে হূদয় (১৮) ও নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এছহাক (১৮)। বর্তমানে এরা ঢাকার হেমায়েতপুরে বসবাস করে। কিশোর গ্যাংয়ের পলাতক সদস্য ফরহাদ ও স্থানীয় বাসিন্দা শুভকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক হূদয় জানায়, স্থানীয় বাসিন্দা শুভর সহযোগিতায় ঢাকা থেকে চার দিন আগে তারা তিন জন মনপুরায় আসে। গত তিন দিন ধরে তারা ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে পরিকল্পনা করে বৃহস্পতিবার দিবাগত রাতে তারা চার জন ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।

মনপুরা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।