খুলনায় বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন শেখ (৩৫)। তিনি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের খোকন শেখের ছেলে ও বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, মিলন শেখ নিজ বাড়িতে বিদ্যুত্সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান।

হরিণাকুন্ডুতে গৃহবধূর মৃত্যু

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, হরিণাকুন্ডুতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আনজিরা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পারদখলপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আবু ছলের স্ত্রী। পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, বাসায় কাজ করার সময় অসাবধানতাবশত মাল্টিপ্লাগের তারে পা পড়লে সে তড়িতাহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুন্ড থানার উপ-পরিদর্শক বিশ্বজিত্ পাল জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।