দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সে াতের টানে উলটে গিয়ে মাছধরা ট্রলারডুবির ঘটনায় এ সময় ট্রলারে থাকা আট মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ দুই জনের লাশ তিন ঘণ্টা পর শুক্রবার সকালে মৃত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ট্রলারডুবির ঘটনা ঘটে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে।
মৃত দুই জেলে হলো চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো. রহমতের ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।
জানা যায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধরার জন্য নদীতে যায়। নদীতে দমকা হাওয়ায় ট্রলারটি উলটে যায়। এ সময় ট্রলারে থাকা আট মাঝিমাল্লা সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলে ও দুই জন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুই জনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই জেলের লাশ বাংলাবাজার ঘাটে এনে রাখা হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।