এবার ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না

আসন্ন নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা দেবেন না—এমন বিতর্কিত মন্তব্য করার একদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন তিনি মনে করেন না যে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে। যে নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি মনে করতে পারছেন না সেই নির্বাচনের ফলের ওপর আস্থা রেখে সহজে ক্ষমতা হস্তান্তর করতে তিনি রাজি নন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যদি অন্যায় কিংবা যেনতেনভাবে তাকে হারিয়ে দেওয়া হয় তবে তার মানতে কষ্ট হবে এটাই স্বাভাবিক। যারা তার বক্তব্যের সমালোচনা করেছেন তারা না বুঝেই তা করেছেন।

বৃহস্পতিবার ফ্লোরিডায় একটি নির্বাচনি জনসভায় বক্তব্য প্রদানকালে ট্রাম্প এ সব কথা বলেন। সমর্থকদের সামনে এদিন ট্রাম্প  সুপ্রিম কোর্টে নতুন এক জন বিচারক নিয়োগের ব্যাপারেও কথা বলেন। তার পছন্দের বিচারক নিয়োগের ব্যাপারে ডেমোক্র্যাটরা আপত্তি জানানোয় তাদের কঠোর সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, আপনারা যদি বাইডেনের হাতে ক্ষমতা দেন তবে তিনি বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেবেন। তারা আদালতের কার্যক্রম স্থবির করে দেবেন।

ট্রাম্প আরো বলেন, ডেমোক্র্যাট এবং এক দল ষড়যন্ত্রকারী মিলে একটি বিতর্কিত নির্বাচন আয়োজন করার পাঁয়তারা করছেন আর সেই নির্বাচনের ফলাফল আমাকে মেনে নেওয়ার জন্য জোরাজুরি করছেন। এদিকে, ওয়াশিংটনের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর রাজনীতিবিদ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের মুখ থেকে এ ধরনের কথায় মোটেও অবাক হননি তিনি। সরকারে যারা নিজেদের অবস্থান চিরস্থায়ী করতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রশংসা করেন। যেমন রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উন, তুরস্কের রিসেপ এরদোয়ান। তবে আমি তাকে মনে করিয়ে দিতে চাই, ‘আপনি উত্তর কোরিয়ায় নেই, তুরস্কে নেই, রাশিয়ায় নেই। যুক্তরাষ্ট্রকে সম্মান করতে শিখুন।’