ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামায়াত :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি-জামায়াত অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। করোনা মহামারির এ সময়ে তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে দেশ বা গণবিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দলের ঢাকা মহানগর শাখা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের                এসব কথা বলেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্রের তথ্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা। যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট কখনোই জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না। সর্বদাই তারা ষড়যন্ত্রের রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। বরং বারে বারে আওয়ামী লীগই ষড়যন্ত্রের শিকার হয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত একজন আসামি। করোনা সংক্রমণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতার পরিচয় দিয়ে তাকে জামিনে মুক্তির ব্যবস্থা করেন। এই মানবিকতা বা উদারতাকে বিএনপি দুর্বলতা মনে করলে ভুল করবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে আওয়ামী লীগে জায়গা না পায় তার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাত্ করে কেউ দলে এলেই তাকে নেতা বানানো যাবে না। আসন্ন সাংগঠনিক সফরের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আটটি বিভাগের জন্য আটটি টিম প্রস্তুত করে নেত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে এই টিমগুলো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।