রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিন থেকে প্রেসিডেন্ট পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী বলে মনে করেন তিনি। যদি প্রেসিডেন্টকে পুরস্কার দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। যদি না দেয় তাতে কোনো সমস্যা নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।