যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে আজ থেকে প্রচারণায় নামছেন তার স্ত্রী ডা. জিল বাইডেন। এর আগেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে সমর্থন দিয়েছেন। কিন্তু সরাসরি ভোটারদের উদ্দেশে ভোট প্রার্থনা করার কাজটি শুরু করবেন আজ থেকে। আজ তিনি ব্লু হিল এবং ব্যাঙ্গরে প্রচারের নামবেন। বেশ কয়েকটি পথসভাও করবেন বলে জানানো হয়েছে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। ডেমোক্র্যাট শিবিরে আশা, স্ত্রীকে পাশে পেয়ে আরো বেশি উজ্জীবিত হয়ে উঠবেন বাইডেন। আর ভোটাররাও এই দম্পতিকে ভালোভাবেই সহযোগিতা করবে। তার পথসভাগুলোতে কৃষক, নার্স, শিক্ষক-শিক্ষিকা এবং ব্যাবসায়ীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
জিল বাইডেন ব্যাঙ্গরে প্রচারণা চালানোর পর আরো বেশ কয়েকটি এলাকায় যাবেন। আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত প্রতিদিনই তিনি কিছু না কিছু কর্মসূচি রাখবেন স্বামীর পক্ষে। তিনি একটি নৌ-সফরেও যাবেন। এই সফরও হবে নির্বাচনী প্রচারণার অংশ। উল্লেখ্য, বিভিন্ন জরিপে এখনো বাইডেন উল্লেখ্যযোগ ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। -নিউ ইয়র্ক টাইমস