নীলা রায় হত্যার প্রধান আসামি মিজান গ্রেফতার

সাভারে স্কুলছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেফতার করে। নীলাকে হত্যায় ব্যবহূত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

গত ২০ সেপ্টেম্বর সাভারে স্কুলছাত্রী নীলা রায় খুন হয়। পরের দিন মিজানুর এবং তার বাবা ব্যবসায়ী আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতপরিচয় কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেন নীলার বাবা নারায়ণ রায়। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহারকে গ্রেফতার করেছে র্যাব।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস জানান, গতকাল রাত ৮টার দিকে মিজানকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়। 

জানা গেছে, স্থানীয় একটি কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মিজান। এর আগে একবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। সে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য।