প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে যুবলীগের দোয়া ও খাদ্য বিতরণ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ। পূর্বঘোষিত চার দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল শুক্রবার বাদ জুমা এবং বাদ আসর এসব কর্মসূচি পালিত হয়।

এর মধ্যে জুমার নামাজের পর রাজধানীর মিরপুর হযরত শাহ আলী (র.) মাজার মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বাদ আসর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

উভয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। তিনি  বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে নিয়ে বিএনপি দেশ-বিদেশে এখনো ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে যুবলীগের প্রতিটি কর্মীকে সজাগ থাকতে হবে। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।