সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বাড়ির গেটে তালা দিয়ে ছয় পরিবারকে জিম্মি

সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি বহুতল ভবনের ছয়টি পরিবারকে গেটে তালা দিয়ে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সালাউদ্দিনের ছেলে মাসুদ রানা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদের জিম্মি করে রাখে। এরপর রাত ১২টায় পুলিশ গেটের তালা খুলে দিয়ে তাদের মুক্ত করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ঐ বাড়ির মালিকের মেয়ে ঝর্ণা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার আব্দুল জব্বার মিয়ার তিনতলা বাড়ির গেটে বৃহস্পতিবার সকাল ১০টায় মাসুদ রানা তালা দিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে রাখে। এর আগে ঐ বাড়ির সামনে দেয়াল দিয়ে আটকে দিয়েছিল বলেও জানায় আটকে থাকা বাড়ির লোকজন। ঝর্ণা বেগমের ভাই নজরুল ইসলাম রনি বলেন, আমরা এ বাড়ির পাশে আরেকটি বাড়ি কিনেছি। সেই থেকেই মাসুদ রানা আমাদের বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। মাসুদ রানা আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত আমাদের ভবনের গেটে তালা মেরে জিম্মি করে রাখে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, জমি নিয়ে রনিদের সঙ্গে মাসুদ রানাদের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরেই বাড়ির সামনে দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এছাড়াও তারা ভবনের কেচি গেটে তালা মেরে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।