ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ঢাবির সেই ছাত্রী

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী ন্যায়বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আসামিদের কাউকে গ্রেফতার না করা ও ছাত্রীকে নানাভাবে হয়রানির অভিযোগও করেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে ঐ ছাত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি। আমি আপনার রাষ্ট্রের একজন নির্যাতিতা, সাধারণ ও অসহায় নাগরিক হিসাবে আপনার কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যারও হুমকি দেন।

এর আগে গত রবি ও মঙ্গলবার রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহননের অভিযোগে নুরুল হক নুর ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেন এই ছাত্রী। তবে এরপরেও সাইবার বুলিং চলতে থাকায় বুধবার শাহবাগ থানায় আরো একটি মামলা দায়ের করেন ঐ ছাত্রী।