প্রযোজক সোহানা সাবা

 

পুরোদস্তুর প্রযোজনায় নাম লেখালেন সোহানা সাবা। করোনাকালে লকডাউনে নিজস্ব প্রযোজনায় সাবার কাজ দেখেছেন দর্শকরা। একগুচ্ছ গুণী অভিনয়শিল্পীর পরিবেশনায় সেই কাজটির নাম ছিল ‘নয়নতারা হাউজিং লিমিটেড’।

এবারে আরো একগুচ্ছ কাজ নিয়ে আসছেন তিনি। সাবা বলেন, ‘প্রথমবারের মতো অফিশিয়ালি আমি সোহানা সাবা প্রডিউস করছি আমার প্রোডাকশন হাউস খামারবাড়ি থেকে। একটি ওয়েব সিরিজ বানাচ্ছি ৬ পর্বের। এই সিরিজের নাম টুইন রিটার্নস। এই স্ক্রিপ্টটি লিখেছিলাম ২০১৩ সালে। এবার লকডাউনে পুরোটা সাজিয়ে লিখেছি। সিরিজটি ডিরেকশন দিচ্ছেন আলোক হাসান।

শুটিং শুরু করেছি সিলেটের নাজিমগড় রিসোর্টে।

এরপর ঢাকাতে শুটিং। ঢাকার কাজ শেষ হওয়ার পর দেশের বাইরে যাবো কাজ করতে। ২টি গান আছে সিরিজে। একটি কম্পোজ করেছেন বাংলাদেশের শিভেন ও কলকাতার ডাব্বু।’

সোহানা সাবার প্রযোজনায় এতে অভিনয় করেছেন সোহানা সাবা, সৌরভ চক্রবর্তী (কলকাতা), মনোজ প্রামাণিক, রুনা খান, মাজনুন মিজান, সুষমা সরকার, সায়ান্তনি, রাহাতসহ অনেকে।