সাপ্তাহিক গেইনারে শীর্ষে বিমা খাতের শেয়ার

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৫টির বা ৩৪ দশমিক ৮১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় বিমা কোম্পানির প্রতিষ্ঠানগুলোকে দেখা গেছে। ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ১০টির মধ্যে আটটি বা ৮০ শতাংশ বিমা খাতের কোম্পানি উঠে আসে।

কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইনসিওরেন্সের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ছিল ১৬ দশমিক ৬০ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ২৩ দশমিক ৫০ টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৯০ টাকা বা ৪১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফেডারেল ইনসিউরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসে।

ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা বিমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইনসিওরেন্সের ৩৬ দশমিক ২১ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ৩৩ দশমিক ৩৩ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৩১ দশমিক ৫৩ শতাংশ, রূপালী লাইফ ইনসিওরেন্সের ২৭ দশমিক ৮৪ শতাংশ, সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ২৪ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ২২ দশমিক ৭১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ারদর ২২ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। এছাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর ২৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।