কোভিড-১৯-এর কার্যকর একটি টিকা সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া গেলে মৃত্যুর এ সংখ্যা আরো অনেক বেশি হবে, বলেছেন ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান। শুক্রবার জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে আবির্ভূত হওয়ার পর শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত নতুন করোনা ভাইরাস বিশ্ব জুড়ে ৯ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সংক্রমণ ও মৃত্যুর এখনকার যে ট্রেন্ড, তাতে কয়েক দিনের মধ্যেই এ সংখ্যা ১০ লাখ অতিক্রম করবে। এখন উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই ‘দ্বিতীয় ঢেউয়ের’ তীব্রতাও বাড়বে বলে বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন।
বিশ্বের দেশগুলোর মধ্যে এখন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে যে ৩ কোটি ২৪ লাখের বেশি শনাক্ত কোভিড-১৯ রোগী মিলেছে, তার প্রায় অর্ধেকই এ তিন দেশের।
সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপ জুড়ে সংক্রমণের পুনরুত্থান দেখা যাচ্ছে; পরিস্থিতি মোকাবিলায় মহামারির ‘প্রথম ঢেউয়ের’ মতো এবারো বিভিন্ন দেশ লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
‘সব মিলিয়ে বেশ বড় অঞ্চল জুড়েই কোভিড-১৯ রোগের উদ্বেগজনক উত্থান দেখতে পাচ্ছি,’ ইউরোপে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধির ট্রেন্ডের দিকে ইঙ্গিত করে বলেন ড. রায়ান।