বন্যা ও অতিবৃষ্টিতে সহায়তা নেই

উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় এবার ৭-৮বার বন্যা হওয়ায় দিশেহারা দরিদ্র জনগোষ্ঠী। নদ-নদীর আশেপাশের খেটে খাওয়া মানুষেরা অনবরত পানি আসায় মাঠ-ঘাটের কাজ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে আছে বহুদিন ধরে। বন্যা পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতির কথা প্রচার করা হলেও বাস্তবতার লেশ মাত্র মাঠপর্যায়ে পৌঁছে কি না তার তদারকির অভাবে বাজেট ফুরালেও সাহায্যপ্রার্থীরা বঞ্চিত থাকছে। অতিবৃষ্টি ও বন্যার সঙ্গে যোগ হয়েছে নদীভাঙন। একই বছরে হাজার হাজার একর জমি, ফসল সেইসঙ্গে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ইত্যাদি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা নদীর পাড় রক্ষা করা হলেও আদৌ তারা দায়িত্ব পালন করছে কি না তাও দেখার কেউ নেই। দায়িত্বে অবহেলা, অর্থ ও রিলিফ মেরে খাওয়া, মাঠপর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা পর্যবেক্ষণের অভাব সবকিছু মিলে সাহায্যবঞ্চিতদের বঞ্চনা বাড়ছেই। ফলে ব্যর্থ হচ্ছে দেশের উন্নয়ন ভারসাম্য। অতিদ্রুত এসব দরিদ্র এলাকা পর্যবেক্ষণ, রিলিফ প্রদান, পরিসংখ্যান, নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, প্রয়োজনে বোল্ডার বাঁধ নির্মাণ এবং দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় অর্থ সহায়তাসহ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

আবদুস সালাম, ফুলবাড়ি, কুড়িগ্রাম