সিংগাইরে গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাস্তার পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে সানিয়া নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত সানিয়া সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গতকাল সকালে বাড়ির পেছনে ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে। বাড়ির লোকজন জানান, সানিয়ার মা বাসায় সাংসারিক কাজ করছিলেন। এমন সময় তার চোখ ফাঁকি দিয়ে সানিয়া গেটের বাইরে স্কুলের পাশে রাস্তায় গিয়ে অন্য ছেলেমেয়েদের সঙ্গে খেলায় মেতে ওঠে। তারই এক ফাঁকে কোনো এক সময় সে রাস্তার পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। খেলার সাথীরা সবাই ছোট হওয়ায় তারা বিষয়টি নজর দিতে পারেনি। তাই দুঃখজনকভাবে তার মৃত্যু হয়।