দুই নৈশপ্রহরীকে বেঁধে হাতুড়িপেটা, ৯ গরু লুট

আড়াইহাজারে একটি কৃষি খামারে ঢুকে নৈশপ্রহরীকে বেঁধে হাতুড়িপেটা করে ৯টি গরু নিয়ে গেছে একদল ডাকাত। শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্য দিনের মতো গরুর দেখভাল শেষে ঘুমিয়ে পড়ে নৈশপ্রহরীরা। রাত আনুমানিক দুইটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ট্রাকযোগে এসে ঐ খামারে প্রবেশের চেষ্টা করে। এসময় বাধা দিলে দুই নৈশপ্রহরী রফিক ও রিফাতকে তারা হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে তারা খামারের ৪০টি গরুর মধ্যে বড় ৯টি ষাড় ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে দাঁত দিয়ে বাঁধন কেটে বেরিয়ে প্রহরীরা মালিকদের খবর দিলে তারা খামারে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। প্রহরীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় মালিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি লুণ্ঠিত ৯টি গরুর দাম অন্তত ১৫ লাখ টাকা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত গরু উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।