শ্রীলঙ্কার ক্রিকেটাররাও প্রস্তুত

কাগজে-কলমে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর এখনো অনিশ্চিত। তবে, লঙ্কান ক্রিকেটাররা যেকোনো ধরনের ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজ মাঠে গড়ালে ভালো পারফরম্যান্সের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্য যেকোনো জায়গার মতো শ্রীলঙ্কাতেও ক্রিকেট থমকে ছিল। তবে, আন্তর্জাতিক দলগুলোর মধ্যে তারাই সবার আগে এই পরিস্থিতিতে সুরক্ষাবিধি মেনে অনুশীলন শুরু করেছে। তাই, অধিনায়ক করুনারত্নেও আশাবাদী।

তিনি কলম্বোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনা ভাইরাসের কারণে কয়েকটা সিরিজ স্থগিত করতে হয়েছে। তবে আমরা অনুশীলন চালিয়ে গেছি এবং এখনো সেই ছন্দ ধরে রেখেছি। আমরা যেকোনো সিরিজের জন্য প্রস্তুত। যদি খেলার সুযোগ পাই, আমি ও আমার দল ভালো খেলার ব্যাপারে আশাবাদী। আশা করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে আসবে, এখন পর্যন্ত এটুকুই জানি।’

শুধু বাংলাদেশের সফরের ব্যাপারেই নন, করুনারত্নে আশাবাদী নিজেদের পরবর্তী সময়ে সিরিজে ভালো খেলার ব্যাপারেও; তা যে সিরিজই হোক না কেন। ৩২ বছর বয়সি অভিজ্ঞ লঙ্কান ব্যাটসম্যান বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা শুধু অনুশীলন চালিয়ে যেতে পারি। গত এপ্রিল থেকেই আমরা অনুশীলনে যুক্ত আছি। যে সিরিজও সামনে হোক না কেন, আমরা খেলার জন্য প্রস্তুত আছি।’

করোনা ভাইরাসের প্রকোপে বড় ক্ষতি হয়েছে লঙ্কান ক্রিকেটের। দেশটিতে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও সেগুলো স্থগিত হয়েছে। এখানেই শেষ নয়, এশিয়া কাপের আসরের ভেন্যুও ছিল শ্রীলঙ্কা। তবে, সেটাও স্থগিত হয়েছে।