ক্যাম্পে তিন দিনের ছুটি

ভাঙছে জৈব সুরক্ষা বলয়

ঝুলেই আছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজই কলম্বোগামী বিমানে চড়ার কথা ছিল মুমিনুলদের। এই সূচিকে টার্গেট করে গত ২০ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প শুরু করেছিল বিসিবি। করোনা পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা মিলিয়ে হোটেল সোনারগাঁয়ে ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের রেখে বায়ো সিকিউরড সেফটি বাবল তথা জৈব সুরক্ষা বলয় তৈরি করেছিল বিসিবি। কিন্তু এক সপ্তাহ পর ভাঙছে সেই সুরক্ষা বলয়।

গতকাল স্কিল ক্যাম্পে তিন দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। সবাই যার যার বাসায় যাওয়ার অনুমতি পেয়েছেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পরই অনেক ক্রিকেটার বাসায় ফিরে গেছেন।

গতকাল সন্ধ্যায় একাধিক ক্রিকেটার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। সুরক্ষা বলয় ভাঙা হচ্ছে লঙ্কা সফরের সবুজ সংকেত না পাওয়ায়। ছয়দিন অনুশীলন করা ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ দেয়া হলো।

লঙ্কা থেকে সুখবর আসলে আবারও নতুন করে সুরক্ষা বলয় তৈরি করতে হবে বিসিবিকে। সেখানে করোনা পরীক্ষা এবং সামগ্রিক কার্যক্রম আবার করতে হবে। জানতে চাইলে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘আমাদেরকে যেটা জানানো হয়েছে তিনদিনের ফ্যামিলি ব্রেক। আবার নতুন করে তৈরি করতে হবে বায়ো বাবল। আমরা তৈরি করবো আবার। করোনা পরীক্ষাও করতে হবে।’

গতকাল মিরপুর স্টেডিয়ামে মিটিং শেষে ক্রিকেটারদের ছুটি দেয়া সম্পর্কে বিসিবির পরিচালক আকরাম খান বলেছেন, ‘আমাদের আগামীকাল ফ্লাইট ছিল। যেহেতু আমরা যেতে পারছি না তখন প্ল্যানটা কোচ, নির্বাচক, সিইও এর সাথে বসে আলাপ আলোচনা করেছি।  আমরা তিনদিনের ব্রেক দিয়েছি। তিন দিন পর বাংলাদেশ দল আবার অনুশীলন শুরু করবে।’

এদিকে জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্যাম্পের অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী বলেছেন, ‘বায়ো বাবলের মধ্যে আমরা ক্যাম্পটা করছি, একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতাটা খারাপ না।’