সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে অভয়ারণ্য খালে অবৈধভাবে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শনিবার ভোর ছয়টার দিকে সুন্দরবনের গহিনে ৫৪ নম্বর কম্পার্টমেন্টের আওতায় কয়লা-বেয়ালা খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। স্মার্ট পেট্রোল টিমের দলপতি নাসির উদ্দীনের নেতৃত্বে সদস্যরা একটি ট্রলার, আহরিত মাছ, জাল ও আনুসঙ্গিক মালামালসহ জেলেদের আটক করেন। আটক জেলেরা হলেন—বাগেরহাটের আনিস শেখ ও জুয়েল হাওলাদার, রামপাল থানার আলমগীর গাজী ও ওহিদুল শেখ এবং খুলনার রবিউল শেখ। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, অভয়ারণ্য খালে অবৈধভাবে মাছ ধরার সময় জেলেদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।