নাঙ্গলকোটে চার নারী ছিনতাইকারী আটক

নাঙ্গলকোট পৌরবাজার থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারীকে থানা পুলিশ আটক করেছে। শনিবার আটককৃত ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নাঙ্গলকোট এ আর মডেল স্কুলের সামনে সংঘবদ্ধ চার নারী ছিনতাইকারী এক গৃহবধূর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ চিত্কার দেন। তার চিত্কারে স্থানীয় লোকজন ওই নারী ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেয়। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চার-পাঁচটি  চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও পুলিশ অ্যাসল্টের মামলা রয়েছে।