নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী সেপ্টেম্বরের চতুর্থ রবিবার পালিত হয়ে আসছে ‘বিশ্ব নদী দিবস’। সেই হিসেবে আজ বিশ্ব নদী দিবস। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এক সময়ে বাংলাদেশে ছোট-বড় প্রায় সাড়ে ১ হাজার ১০০ নদী ছিল। বর্তমানে আছে ৪০৫টি। নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। গোটা দুনিয়াতেই নদী রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের নদীপ্রেমীরা প্রতি বছর এক দিন আগে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও জোট, নদী দিবস উদ্যাপন পরিষদ, বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পালন করছে। করোনার কারণে জাতীয় পর্যায়ে এবার অনলাইনে মূল অনুষ্ঠান করা হবে।
ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ নদ-নদী দখলদারদের কবলে। এছাড়া পাথর আর বালু উত্তোলনে নদী প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হিসাবে প্রায় ৪৭ হাজার দখলদার সারা দেশের বিভিন্ন নদী গিলে খাচ্ছে।