ভাসানটেকে বোনের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা!

রাজধানীর ভাসানটেক থানাধীন কচুক্ষেত এলাকায় এক কলেজছাত্রী তার বোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঐ কলেজছাত্রীর নাম সুমনা আক্তার (১৬)। তিনি বিএফ শাহীন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সুমনার বাবার নাম তারা মিয়া সরকার। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর উপজেলার সরদারকান্দি গ্রামে। তার বাবা জানান, গতকাল সন্ধ্যায় সুমনার ছোট বোন সামিয়া (১০) সুমনার মোবাইলের ওয়াইফাইয়ের লাইন বন্ধ করে রাখে। এই নিয়ে রাত ৯টার দিকে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এরপর সুমনা তার রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যাওয়ার কথা বলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দ্রুত সুমনাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।