সুস্থ আছেন রাহী

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের সিংহভাগ রোগীর মতোই করোনার উপসর্গ নেই আবু জায়েদ রাহীর। জাতীয় দলের এই পেসার করোনা আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে আছেন। বিসিবি একাডেমিতে অবস্থান করা রাহীর করোনা ধরা পড়েছিল গত ২২ সেপ্টেম্বর।

টেস্ট দলের পেস আক্রমণের মূল স্তম্ভ এই পেসার এখন সুস্থ আছেন। খাবারে কিছুটা অরুচি রয়েছে তার। পুনরায় রাহীর পরীক্ষা করানোর ক্ষেত্রে তাড়া নেই বিসিবির। শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে আছে। ক্রিকেটারদের অনুশীলনেও চলছে তিন দিনের বিরতি। তাই ১৫ দিন যাওয়ার পরই রাহীর করোনা পরীক্ষা করতে চায় বিসিবি।

জানতে চাইলে গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী রাহীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বলেছেন, ‘ওর প্রথম থেকেই কোনো সমস্যা নেই। শুধু মুখে রুচি নেই। ওর কখনো জ্বর আসেনি বা শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়নি। একদিন হয়তো এসেছিল। ওর কোনো উপসর্গ নেই। কিছুদিন পর ওর একটি পরীক্ষা করব। যেহেতু কিছুদিন সময় পেয়েছি তাই তাড়াহুড়ো নেই। প্রথম টেস্টের ১৫ দিন আগে করলে কোনো লাভ হয় না। ১৫ দিনের যত কাছে করতে পারি তত ভালো। এখন করলে কোনো লাভ হবে না।’