ঘিওরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

গ্রেফতার ১

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। রবিবার উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলার শিকার ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস ঘিওর থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচির আহ্বান করে। এই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে মো. জাফরের নেতৃত্বে ওই গ্রামের রেজা মণ্ডল, কুদ্দুস মণ্ডলসহ সাত-আট সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ভাঙচুর করে ক্যামেরা। এ সময় আহত হন ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইউসুফসহ স্থানীয় সাংবাদিক আল মামুন ও এম এম শাহিন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম জানান, টেলিফোনে খবর পেয়ে তাত্ক্ষণিক পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কুদ্দুসকে। অন্য হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।