মহেশপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির আইসি এসআই শাহিদুর রহমানের বিরুদ্ধে আসামিকে রিমান্ডে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারের শীর্ষ একটি গোয়েন্দা সংস্থা তদন্তের জন্য মাঠে নেমেছে বলে জানা গেছে।

জানা যায়, কুশাডাঙ্গা গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে আবু সিদ্দিক বাদী হয়ে মহেশপুর থানায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামালসহ তিন জনের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দত্তনগর ফাঁড়ির এসআই শাহিদুর রহমান পরদিন দুই আসামিকে আটক করে জেলহাজতে পাঠান এবং এর মধ্যে মোস্তফা কামালকে রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ আগস্ট আদালত থেকে মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে রিমান্ডে থাকাবস্থায় শাহিদুর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২৭ আগস্ট রাতে আসামি মোস্তফা কামালের স্ত্রী ফয়জুন্নেছা, তার ছেলে মেহেদী হাসান, প্রতিবেশী জিল্লুর রহমান ও যোগাযোগকারী এক আইনজীবীর উপস্থিতিতে উেকাচের ১ লাখ টাকা গ্রহণ করেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ২৭ আগস্ট সকালে তারা মহেশপুরে আসে এবং থানা মোড় থেকে ঐ উকিলের মাধ্যমে মোবাইল ফোনে এসআই শাহিদুরের সঙ্গে যোগাযোগ হয়। তিনি সন্ধ্যার পর তাদেরকে দত্তনগর ফাঁড়িতে আসার জন্য বলেন এবং ঐ রাতেই টাকা লেনদেন হয়।

এসআই শাহিদুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ গ্রহণ করেছে।